জনগণের সাংবিধানিক ক্ষমতা কেবল গণভোটের মাধ্যমেই প্রকাশ পাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আবেগপ্রবণ হয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, যা ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হতে পারে বা প্রশ্নবিদ্ধ হতে পারে।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ জাতীয় জীবনে রাজনৈতিক ঐকমত্যের ঐতিহাসিক দলিল। এর বাস্তবায়নের একমাত্র ফোরাম হলো নির্বাচিত জাতীয় সংসদ। এ বিষয়ে কারও মৌলিক দ্বিমত নেই।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে প্রস্তাব দেবে। তবে কোনো আদেশ বা প্রক্রিয়া যেন সংবিধানের বাইরে না যায়, সেটি নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “এমন কোনো প্রস্তাব বা পদক্ষেপ নেওয়া যাবে না, যা ভবিষ্যতে কেউ আদালতে চ্যালেঞ্জ করতে পারে। আগামী ১০–১৫ বছর পরেও যেন কেউ এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, এখনই সেই ভিত্তি তৈরি করতে হবে।”
বিএনপির এই নেতা বলেন, সংবিধানের পথেই জনগণের অভিপ্রায় বাস্তবায়ন হচ্ছে। তাই ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আখতার হোসেন, গণসংহতির জোনায়েদ সাকি ও এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।