পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত চলবে এ ছুটি। ফলে শেষ কর্মদিবস শেষে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে লাখো মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদের ছুটি আরও বাড়িয়ে সাধারণ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান এ সময় বন্ধ থাকবে।
২৮ মে ঈদের মূল ছুটির সঙ্গে আগে ও পরে নির্বাহী আদেশে ঘোষিত ছুটি যুক্ত হওয়ায় এবার দীর্ঘ ছুটির সুযোগ পেয়েছেন চাকরিজীবীরা।
এর আগে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এতে ঈদযাত্রার চাপ কিছুটা ভাগ হয়ে যাবে বলে আশা করছে সরকার।
তবে হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি খাতগুলো ছুটির আওতার বাইরে থাকবে।