Ridge Bangla

আগামী চার দিন বাড়তে পারে তাপমাত্রা, আংশিক এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে অস্থির আবহাওয়ার মধ্যে আগামী চার দিনে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে।

শুক্রবার (৯ মে) সিলেট বিভাগের দুই-একটি জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

শনিবার (১০ মে) দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্কই থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (১১ মে) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সোমবার (১২ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমতে পারে।

This post was viewed: 38

আরো পড়ুন