Ridge Bangla

‘আম কূটনীতি’র মাধ্যমে নেপালে বন্ধুত্বের বার্তা দিল বাংলাদেশ

নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ আরও দৃঢ় করতে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের ১ হাজার ৭৫০ কেজির বেশি উন্নতমানের আম উপহার দিয়েছে বাংলাদেশ।

বার্ষিক ‘সিজনস বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের অংশ হিসেবে এই আম পাঠানো হয়েছে বলে শনিবার পাওয়া এক বার্তায় জানানো হয়।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নেপালের বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশের বন্ধুদের কাছে এসব আম পৌঁছে দিয়েছে। এই উদ্যোগ এখন ‘আম কূটনীতি’ নামে পরিচিতি পেয়েছে।

দূতাবাসের কর্মকর্তারা নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনের বেশি ব্যক্তির কাছে আমের প্যাকেট পৌঁছে দেন।

উপহার হিসেবে পাঠানো হয়েছে ক্ষীরশাপাতি জাতের আম। ভৌগোলিক নির্দেশক স্বীকৃত এই আম ভারতীয় উপমহাদেশের অন্যতম সুস্বাদু আম হিসেবে পরিচিত।

আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সংগ্রহ করা হয়। সতেজতা ও মান বজায় রাখতে সেগুলো বাংলাবান্ধা বন্দর, শিলিগুড়ি সীমান্তের ফুলবাড়ী স্থলবন্দর এবং কাকরভিট্টা বন্দর হয়ে নেপালে পাঠানো হয়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগ বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং দুই দেশের মানুষের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, এই উপহার দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে আন্তরিকতা, শুভেচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক। এটি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এ বছরের সিজনস বেস্ট কমপ্লিমেন্টস উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে সাংস্কৃতিক ও জনকূটনীতির গুরুত্ব তুলে ধরেছে।

This post was viewed: 3

আরো পড়ুন