দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, সবুজ ও দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে।
শনিবার কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং নির্মল পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি গাছ রোপণ করা।
তিনি বলেন, বৃক্ষরোপণ অভিযান সফল হলে আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে। সে লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই দেশব্যাপী এ কর্মসূচি শুরু করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের পরিবেশকে আরও সবুজ ও বাসযোগ্য করা সম্ভব। এ সময় তিনি জেলা প্রশাসকদের নিজ নিজ জেলাকে সবুজ অভয়ারণ্যে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।