Ridge Bangla

বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি দেশে ফেরত

ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশি নাগরিককে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে পরবর্তী আইনি ও মানবিক সহায়তার জন্য তাদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি বেসরকারি সংস্থার জিম্মায় দেওয়া হয়।

সংস্থাটির বেনাপোল প্রতিনিধি শরিফুল ইসলাম বলেন, দালালদের প্রলোভনে পড়ে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হন। পরবর্তীতে আদালতের মাধ্যমে ছাড় পেয়ে ভারতীয় একটি মানবাধিকার সংস্থার আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়।

This post was viewed: 4

আরো পড়ুন