Ridge Bangla

বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

চীন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন একটি দ্রুত উন্নয়নশীল ও শক্তিশালী দেশ হিসেবে বিশ্বজুড়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।

শুক্রবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চীন সরকারের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাস্তাঘাট, সেতু, কালভার্ট এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে চীনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, তার চীন সফর ও চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে নতুন শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।

অনুষ্ঠানে তিনি জানান, আগামী বছরে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিনিয়োগ ও শিল্প উন্নয়নের রূপরেখা চূড়ান্ত করা হবে।

এ সময় চীনের রাষ্ট্রদূত মি. ইয়ো ওয়েনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

This post was viewed: 4

আরো পড়ুন