পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন।
হাজিদের দেশে ফেরাতে সর্বোচ্চসংখ্যক হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২২ হাজার ৯৫২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ১৯ হাজার ২৮৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ৩ হাজার ৭০৬ জন হাজি।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, মোট প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫০ হাজার ১০ জন।
এদিকে, চলতি বছর হজের আগে ও পরে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন।