একদিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, জনসভা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে তিনি সেখানে যান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এর আগে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
সফরসূচি অনুযায়ী, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত পথসভায়ও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন তিনি। পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।