যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশার দাবি মিটিয়ে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা। রোববার (১৭ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এর ফলে এখন থেকে বিমানবন্দরে আগত যাত্রীরা বিনা খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে আফরোজা খানম বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ ব্যবহারের অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। এ সময় তিনি দ্রুতই বিমানবন্দরে নির্মিত থার্ড টার্মিনাল উদ্বোধনের আশাবাদও ব্যক্ত করেন।
একই অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন নেটওয়ার্কে একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে স্থাপিত এই নেটওয়ার্কের আওতায় রয়েছে টার্মিনাল ১ ও ২, ডোমেস্টিক, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা।
জানা গেছে, পুরো সিস্টেমে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথে পরিচালিত এই নেটওয়ার্কের প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম।