রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।
রোববার (১০ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে সড়ক, নৌ ও রেলপথে যাত্রী চলাচল বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নৌ খাতকে আধুনিক ও নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মেধা, দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীসেবার মান বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা বৃদ্ধি ও কঠোর নজরদারির মাধ্যমে নৌপথে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। ঈদ উপলক্ষে ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।