বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজার জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার শহর। রোববার (৩ মে) সন্ধ্যায় শহরের গুমগাছতলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা, এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
এর আগে শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাঈদ আনোয়ারের নাম অন্তর্ভুক্ত করা হয়। কমিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়।
পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ত্যাগী ও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত থাকা নেতাদের মূল্যায়ন করা হয়নি। বরং নতুন কমিটিতে অযোগ্য ও সুবিধাভোগী ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। রোববার সন্ধ্যায় তারা সংবাদ সম্মেলনের পর বিক্ষোভে নামেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।