চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ নামক ফ্লাইটে আসা দুই যাত্রীর লাগেজে তল্লাশি চালায় বিমানবন্দর কাস্টমস এবং কাস্টমস ইন্টেলিজেন্স দলের সদস্যরা।
তল্লাশিকালে দুই যাত্রীর ব্যাগ থেকে মোট ৬৩০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছে থাকা পাঁচটি স্মার্টফোনও জব্দ করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, জব্দ করা সিগারেট ও মোবাইল ফোনের সম্মিলিত মূল্য প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা।
অবৈধভাবে পণ্য পরিবহনের দায়ে ওই দুই যাত্রীকে কঠোর সতর্কবার্তা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।