Ridge Bangla

গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩২৯টি অস্ত্র উদ্ধার: র‍্যাব

২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন থানা ও নিরাপত্তা বাহিনীর স্থাপনা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের সংখ্যা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এলিট ফোর্সটি জানিয়েছে, গত কয়েক মাসের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ৩২৯টি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নাশকতাকারী সন্ত্রাসীদের হাতে চলে যায়। এসব অস্ত্র জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দেখা দেয়। এরপর থেকেই লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু করে র‌্যাব।

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে এসএমজি, এলএমজি, রাইফেল, শটগান ও পিস্তল। আমরা গত কয়েক মাসে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ৩২৯টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। কেবল অস্ত্র নয়, বিপুল পরিমাণ গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড এবং টিয়ার শেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে গত এক মাসের সাফল্যের খতিয়ান তুলে ধরে জানানো হয়, জানুয়ারির ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত সারা দেশে র‌্যাবের বিভিন্ন অভিযানে প্রায় ১২০০ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিদেরও আইনের আওতায় আনা হয়েছে বলে জানানো হয় এ সময়।

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে র‌্যাব জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জানিয়ে মুখপাত্র বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই সময়ে জননিরাপত্তা বিঘ্নিত করতে কোনো স্বার্থান্বেষী মহল যেন অবৈধ বা লুণ্ঠিত অস্ত্র ব্যবহার করতে না পারে, সেজন্য আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানা বা ইউনিটে হস্তান্তরের কাজ চলছে।

এ সময় তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারও কাছে যদি এখনো লুণ্ঠিত অস্ত্র বা গোলাবারুদ থেকে থাকে, তবে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দিতে হবে। তথ্য দিয়ে সহায়তা করলে পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এই সংবাদ সম্মেলনে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

This post was viewed: 18

আরো পড়ুন