Ridge Bangla

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের আমন্ত্রণে অন্তত ১৬টি দেশ থেকে ৫৭ জন দ্বিপাক্ষিক নির্বাচন পর্যবেক্ষক আসছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন।

দ্বিপাক্ষিক পর্যবেক্ষক পাঠানো দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধি দল পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটি থেকে আসছেন ১৪ জন পর্যবেক্ষক, যাদের নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। তুরস্ক থেকে আসছেন ১২ জন পর্যবেক্ষক। তুর্কি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত ও বর্তমান সংসদ সদস্য মেহমেত ভাকুর এরকুল। এ ছাড়া ইন্দোনেশিয়া পাঁচজন, জাপান চারজন, পাকিস্তান তিনজন, ভুটান ও মালদ্বীপ দুইজন করে, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া ও কিরগিজস্তান দুইজন করে পর্যবেক্ষক পাঠাবে। শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে একজন করে এবং দক্ষিণ আফ্রিকা থেকে দুইজন পর্যবেক্ষক আসার বিষয়টিও নিশ্চিত হয়েছে।

গুরুত্বপূর্ণ পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা। নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানান, এ পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। খুব শিগগিরই আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডোর নেতৃত্বে ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দল এবং লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবসের নেতৃত্বে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

This post was viewed: 5

আরো পড়ুন