Ridge Bangla

গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বৃদ্ধি?

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। অনেক পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে। তবে সরকার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে খণ্ডন করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি টেলিভিশনের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে শিরোনামে লেখা ছিল, ‘নির্বাচনের পর সংসদ সদস্যরা ১৮০ দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন: আলী রীয়াজ।’

প্রসঙ্গটি ব্যাখ্যা দিয়ে বলা হয়, অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে প্রথম দিন থেকেই সরকার গঠন ও বাজেট প্রণয়নসহ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন। ১৮০ দিনের মধ্যে সাংবিধানিক সংস্কার কাজ সম্পন্ন করবেন নির্বাচিত সদস্যরাই। তিনি কোথাও বলেননি যে অন্তর্বর্তী সরকার ১৮০ দিন ক্ষমতায় থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ (সাংবিধানিক সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এ পরিষ্কারভাবে বলা আছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে জাতীয় সংসদ ও সাংবিধানিক সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শেষ হলে এই দ্বৈত ভূমিকার অবসান হবে এবং সদস্যরা কেবল সংসদে দায়িত্ব পালন করবেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, আদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বৃদ্ধি বা ক্ষমতা সম্প্রসারণের কোনো উল্লেখ নেই। সমস্ত বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন।

This post was viewed: 17

আরো পড়ুন