Ridge Bangla

প্রধান উপদেষ্টাকে ফুলের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে এই শুভেচ্ছা উপহার হস্তান্তর করা হয় সৌজন্য সাক্ষাতের মাধ্যমে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি পৌঁছে দেন।

শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করা হয়। পাশাপাশি দেশের বর্তমান গুরুত্বপূর্ণ সময়ে তার নেতৃত্বে দায়িত্ব পালনের ক্ষেত্রে সফলতা ও কল্যাণ কামনার কথাও উল্লেখ করা হয়।

রাজনৈতিক অঙ্গনে এই শুভেচ্ছা বিনিময়কে সৌজন্য ও ভদ্রতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির প্রতি শুভকামনা জানানো গণতান্ত্রিক শিষ্টাচারের অংশ- এমন মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

This post was viewed: 26

আরো পড়ুন