দেশের ১০টি জেলা হাসপাতালের রোগীরা এবার নিজ জেলাতেই উন্নত নিবিড় পরিচর্যা (আইসিইউ) সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে আইসিইউ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার নতুন এসব আইসিইউ ইউনিটের কার্যক্রম উদ্বোধন করবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতাল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এ উদ্যোগের ফলে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা জেলা পর্যায়েই উন্নত জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা পাবেন। এতে গুরুতর রোগীদের রাজধানী বা বড় শহরের হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন অনেকাংশে কমে আসবে।