Ridge Bangla

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে সাত নির্দেশনা জারি

সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাতটি বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এসব নির্দেশনা কার্যকরের কথা জানানো হয়। এতে সচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কোনো প্রকার লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝোলানোও নিষিদ্ধ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রতিটি ভবন ও প্রাঙ্গণের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো –
১. সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত করা যাবে না।
২. মন্ত্রণালয় ও বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত সভা, সমাবেশ, পেশাগত সংগঠন বা সমিতির বৈঠক নিষিদ্ধ।
৩. সন্ধ্যা ৬টার পর জরুরি প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
৪. সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে দাপ্তরিক প্রয়োজনে অবস্থানের জন্য পূর্বানুমতি নিতে হবে।
৫. সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।
৬. সচিবালয়ের ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন স্থাপন নিষিদ্ধ।
৭. সচিবালয়ে প্রবেশকালে গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করবে দায়িত্বপ্রাপ্ত বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং তা কঠোরভাবে পালন করতে হবে।

This post was viewed: 53

আরো পড়ুন