শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। বিশেষ করে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার শিক্ষার মানদণ্ড অনুসরণ করে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নেওয়া সম্ভব হবে।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, বর্তমান শিক্ষাব্যবস্থা মুখস্থনির্ভর নয়; বরং উদ্ভাবন, গবেষণা, স্টার্ট-আপ এবং প্রকল্পভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার উন্নয়নে চলতি বাজেটেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় এবং শিক্ষার্থীরা ২৯টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রতিযোগিতায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং গুলবাহার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
পরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।