Ridge Bangla

ফ্যাসিবাদের পতন হলে তা আর ফিরিয়ে আনা যায় না: রিজভী

ফ্যাসিবাদের পতনের পর তা আর ফিরে আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জার্মানির এডলফ হিটলার আত্মহত্যা করেছিলেন এবং তার দলকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একইভাবে ইতালির বেনিতো মুসোলিনিকেও আর ফিরিয়ে আনা যায়নি।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বনানীতে জুলাই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচি চলতে পারে। তবে শিশু, কিশোর ও তরুণদের হত্যাকারীদের কীভাবে ক্ষমা করা সম্ভব, সেই প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, নানা কৌশলে সেই চেষ্টাই এখন করা হচ্ছে।

তিনি আরও বলেন, “যে রক্তের আলপনা আওয়ামী লীগ এঁকেছে, সেই রক্তের আলপনা মাড়িয়ে আবার এ দেশে রাজনীতি করবে, এটা কীভাবে সম্ভব? এ দেশ বারবার প্রতিরোধ করেছে, আর প্রতিরোধ করতে জানে।”

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা যদি দেশে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের উত্তরসূরি কিংবা টিক্কা খানের উত্তরসূরিদেরও এ দেশে রাজনীতি করার অধিকার মেনে নিতে হবে। “বলতে হবে, যা হয়েছে হোক, এখন তাদের সন্তান-সন্ততিরাও এসে এ দেশে রাজনীতি করুক।”

জামায়াতে ইসলামকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, একটি দল স্বাধীনতার সময় দেশের মানুষ যখন মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল, তখন তারা বিপক্ষে ছিল। তার দাবি, ১৯৮৬ সালেও দলটি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। তাদের রাজনীতি হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা।

This post was viewed: 3

আরো পড়ুন