Ridge Bangla

পুলিশে বড় রদবদল, ১৭ জন কর্মকর্তার পদায়ন

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশ সুপার (এসপি) থেকে সুপারনিউমারারি পদোন্নতি পাওয়া এক ডিআইজিসহ মোট ১৭ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। কামরুল হাসান মাহমুদকে বিশেষ শাখা (এসবি), তোফায়েল আহমেদকে আরপিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার এবং সুফিয়ান আহমেদকে ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিআইডি, এসবি, সিএমপি ও পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে একাধিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মাহবুবুল করিম, আল মামুন, মোহা. আসাদুজ্জামান, আনিছুর রহমানসহ আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রংপুর রেঞ্জের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া ও মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আফরোজা পারভীন ও তোফায়েল আহমেদ মিয়াকেও নিজ নিজ বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন