দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে বিএনপি দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে এবং বিপদে-আপদে সবসময় মানুষের পাশে থাকবে।
শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন ১০০ পরিবারের মধ্যে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলের নেতা ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা’- এই নীতি অনুসরণ করে সরকার পরিচালনা করছেন। তিনি বলেন, ক্ষমতা নয়, দায়িত্ববোধ থেকেই সরকার বন্যাসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকবে।
তিনি আরও বলেন, শুধু যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়েও সরকার পরিকল্পনা নিয়েছে। যাদের ফসল, বীজতলা বা চারা নষ্ট হয়েছে, তাদের প্রয়োজনীয় কৃষি উপকরণ, সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দরিদ্র মানুষের পাশে থাকা এবং দেশের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এবারের বাজেটকে জনবান্ধব ও দরিদ্রবান্ধবভাবে উপস্থাপন করেছেন, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না পায়।