Ridge Bangla

ঝুঁকিপূর্ণ সেতুতে চরম দুর্ভোগে ডিমলার তিন ইউনিয়নের মানুষ

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের গোডাউনের হাট সংলগ্ন ধুম নদীর ওপর নির্মিত একমাত্র পাকা সেতুটি দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে এখন ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়রা একে ‘মরণফাঁদ’ হিসেবে আখ্যা দিয়েছেন। সেতুটি দিয়ে প্রতিদিন তিন ইউনিয়নের হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সেতুর মাঝের অংশসহ অন্তত তিন স্থানে দেবে গিয়ে উঁচু-নিচু হয়ে গেছে। কংক্রিট উঠে গিয়ে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে এবং রেলিংয়ের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় ঝুঁকি আরও বেড়ে যায়। রাতে পর্যাপ্ত আলো না থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও তীব্র হয়।

স্থানীয়দের অভিযোগ, নাউতারা, গয়াবাড়ী ও খালিশা চাপানী ইউনিয়নের মানুষ প্রতিদিন এই সেতুর ওপর নির্ভরশীল হলেও দীর্ঘদিনেও কার্যকর সংস্কার হয়নি। এতে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে।

শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, আতঙ্ক নিয়ে প্রতিদিন সেতু পার হতে হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানরা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

This post was viewed: 5

আরো পড়ুন