Ridge Bangla

চুরির অভিযোগে আটক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোবাইল চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে এবং তওবা করানোর পর ছেড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রেজাউল করিম (৩৫) মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও কাউকে শনাক্ত করা যাচ্ছিল না। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে একটি মোবাইল ফোন ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগে স্থানীয়রা রেজাউল করিমকে হাতেনাতে আটক করেন।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে নিজের ভুল স্বীকার করতে বলা হয়। সেখানে উপস্থিত ব্যক্তিদের সিদ্ধান্তে শাস্তিস্বরূপ তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো অপরাধে জড়াবেন না- এমন অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে চুরির ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। অভিযুক্তকে হাতেনাতে আটকের পর তাকে মারধর না করে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে যেন তিনি এ ধরনের কাজে জড়িত না হন, সে জন্য তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, বিষয়টি তার জানা নেই এবং এ বিষয়ে থানায় কোনো অভিযোগও করা হয়নি। তিনি বলেন, চুরির অভিযোগে কাউকে আটক করা হলে আইন অনুযায়ী তাকে পুলিশের কাছে হস্তান্তর করা উচিত ছিল।

This post was viewed: 4

আরো পড়ুন