রাজধানীতে মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কারাগারে যাওয়া আসামিরা হলেন, মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু এবং মো. ফয়সাল ওরফে কালু। গত বৃহস্পতিবার র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ময়মনসিংহ ও রাজধানীর কাফরুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী রাফি। কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে দুষ্কৃতকারীরা তার মাথায় ইট ছুড়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।
এই নৃশংস ঘটনার পর তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিবুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, এই ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।