বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটিতে আয়োজিত এই অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ শেষ করা দেশ-বিদেশের ৫৮ জন কর্মকর্তার হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়।
এবারের কোর্সে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসাকে সম্মানজনক ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ দেওয়া হয়।
মঙ্গলবার (৯ জুন) আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন এয়ার অধিনায়ক (এয়ার কমান্ড অপারেশন সেন্টার) এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি সেখানে উপস্থিত কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে কর্মকর্তাদের পারদর্শী করে তুলতেই মূলত এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। জমকালো এই সমাপনী অনুষ্ঠানে বিমান সদর ও কক্সবাজার ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকসহ স্থানীয় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।