ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের তথ্যমতে, এতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে রাজ্যের ত্রাণ কমিশনার জানান, শুধু বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ায় ৮৯ জনের মৃত্যু হয়। পরবর্তীতে বিভিন্ন জেলায় আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই ঘটনায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন। এছাড়া ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে ১১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গাছ উপড়ে পড়া এবং বাড়ির দেয়াল ধসে পড়ার ঘটনাও প্রাণহানির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে জরুরি আর্থিক সহায়তা বিতরণের ঘোষণা দিয়েছেন।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, প্রবল ঝড়ো হাওয়ায় গাছ ও বিজ্ঞাপন বোর্ড ভেঙে যানবাহনের ওপর পড়ছে, আর রাস্তার দোকানপাট উড়ে যাচ্ছে। এছাড়া ভারোহি জেলায় ধূলিঝড়ে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মোট পাঁচটি জেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।