Ridge Bangla

ইংল্যান্ডে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর ৩ সদস্য নিহত

ইংল্যান্ডে প্রশিক্ষণ মহড়ার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ব্রিটিশ নৌবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, বুধবার (৩ জুন) স্থানীয় সময় ভোর প্রায় ৪টার দিকে ডেভন কাউন্টির সাওরটন গ্রামের কাছে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করে জানায়, ‘এই দুঃখজনক সময়ে নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।’

সম্প্রচারমাধ্যম স্কাই নিউজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় পুলিশ অবস্থান করছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘ঘটনার তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম চলমান রয়েছে। নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা আরও হালনাগাদ তথ্য প্রকাশ করব।’

নৌবাহিনীর প্রধান জেনারেল গুইন জেনকিন জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারের অনুরোধে নির্দিষ্ট সময় পর আরও তথ্য জানানো হবে।

ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, ‘পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত উদ্বেগ ও দুশ্চিন্তার সময়। যত দ্রুত সম্ভব আরও তথ্য প্রকাশ করা হবে।’

ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়া এলাকার কাছেই কয়েকটি নৌঘাঁটি রয়েছে। এর মধ্যে রয়েছে এইচএমএনবি ডেভনপোর্ট, যা পশ্চিম ইউরোপের বৃহত্তম নৌঘাঁটি হিসেবে পরিচিত।

This post was viewed: 7

আরো পড়ুন