Ridge Bangla

আবারও চালু হতে যাচ্ছে কুখ্যাত আলকাট্রাজ কারাগার

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প রবিবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, “আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং পুনরায় চালু করুন!” তিনি আরও জানান, “আমরা যখন কঠোর আইন মানতাম, তখন ভয়ঙ্কর অপরাধীদের আলাদা রাখতে দ্বিধা করতাম না। এখন সেই কঠোরতাই ফিরিয়ে আনতে চাই।”

১৯৬৩ সালে বন্ধ হওয়া সান ফ্রান্সিসকো উপসাগরের এই দ্বীপ কারাগারে এক সময় কুখ্যাত গ্যাংস্টার আল ক্যাপোনসহ বহু হাই-প্রোফাইল অপরাধীকে বন্দি রাখা হতো। দ্বীপটির দুর্গম অবস্থান, হিমশীতল জলরাশি এবং প্রবল স্রোতের কারণে একে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত কারাগার হিসেবে ধরা হতো। বর্তমানে এটি একটি জনপ্রিয় জাতীয় উদ্যান ও পর্যটন কেন্দ্র।

ট্রাম্প জানান, বিচার বিভাগ, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও কারাগার ব্যুরোকে তিনি ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন আলকাট্রাজকে আধুনিকভাবে সম্প্রসারিত করে পুনরায় চালু করতে। তিনি এটিকে ‘আইন-শৃঙ্খলার প্রতীক’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।

তবে ট্রাম্পের এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি এক বিবৃতিতে বলেন, “আলকাট্রাজ ৬০ বছর আগেই ফেডারেল কারাগার হিসেবে বন্ধ হয়েছে। এটি এখন একটি ঐতিহাসিক স্থান ও জাতীয় উদ্যান। প্রেসিডেন্টের এই প্রস্তাব বাস্তবতা বিবর্জিত ও গুরুত্বহীন।”

আলকাট্রাজ পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক ইতোমধ্যেই তীব্র হয়ে উঠেছে। কেউ একে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপ বললেও, অনেকে এটিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেই দেখছেন।

This post was viewed: 35

আরো পড়ুন