Ridge Bangla

বিদেশে নির্মিত সিনেমার ওপর শতভাগ শুল্কারোপ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিদেশি প্রণোদনার কারণে হলিউডের পতন ঘটছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

রোববার স্থানীয় সময় রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, “অন্যান্য দেশ বিভিন্ন সুবিধা দিয়ে আমাদের চলচ্চিত্র নির্মাতাদের বাইরে নিয়ে যাচ্ছে। এই কারণে হলিউড ধ্বংসের পথে। এটি কেবল অর্থনৈতিক নয়, একটি বার্তা ও প্রচারণার বিষয়ও।”

ট্রাম্প বাণিজ্য বিভাগ এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR) অফিসকে আমদানি করা সব বিদেশি চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। তবে কীভাবে এই শুল্ক কার্যকর হবে বা তা যুক্তরাষ্ট্রে নির্মিত বিদেশি যৌথ প্রযোজনার সিনেমায় প্রযোজ্য হবে কি না, তা স্পষ্ট করেননি তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আজকাল আমেরিকায় খুব কম সিনেমা তৈরি হচ্ছে। অনেকে আমাদের শিল্প চুরি করেছে। যদি তারা এখানে ছবি না বানাতে চায়, তাহলে আমরা কেন তাদের সিনেমা এখানে দেখাবো বিনা শুল্কে?”

এর আগেই চীনা পণ্যের ওপর শুল্কারোপ করায় চীন পাল্টা ব্যবস্থা নেয় এবং ঘোষণা দেয়, তারা আমেরিকান চলচ্চিত্র আমদানি সীমিত করবে। চীনের চলচ্চিত্র প্রশাসন জানায়, মার্কিন চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ হ্রাস পাবে এবং তাদের সংখ্যা কমিয়ে আনা হবে।

হলিউডে চলমান সংকটের প্রেক্ষাপটে ট্রাম্প অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটকে “বিশেষ দূত” হিসেবে নিয়োগ দিয়েছেন, যারা হলিউডের হারানো বাজার পুনরুদ্ধারে কাজ করবেন। তিনি তাদের “চোখ ও কান” বলেও অভিহিত করেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে বিশ্ব চলচ্চিত্র বাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হতে পারে এবং অন্যান্য দেশ পাল্টা শুল্ক আরোপ করতে পারে। এতে হলিউড আরও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

This post was viewed: 48

আরো পড়ুন