Ridge Bangla

যমুনায় পানি বৃদ্ধিতে চরাঞ্চলে ডুবলো চীনাবাদাম ক্ষেত

অসময়ে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে সিরাজগঞ্জে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত কয়েকদিন ধরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন চরাঞ্চলে প্লাবনের সৃষ্টি হয়েছে। এর ফলে মৌসুমি চীনা বাদামের ক্ষেত তলিয়ে গিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।

সিরাজগঞ্জের চৌহালী, শাহজাদপুর, কাজিপুর ও সদর উপজেলার বেশ কিছু চরাঞ্চলে বাদাম ক্ষেত পানির নিচে চলে গেছে। বিশেষ করে চৌহালী উপজেলার সন্তোষা চরের শতাধিক বিঘা জমির বাদাম ক্ষেত সম্পূর্ণভাবে পানিতে ডুবে গেছে।

চরের কৃষকরা জানান, এবারে যমুনার নতুন জেগে ওঠা চরে লাভের আশায় ব্যাপক হারে চীনা বাদাম চাষ করা হয়েছিল। চরাঞ্চলের স্থল ও খাসপুখুরিয়া ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকায় প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে এই বাদাম চাষ হয়। আরও ২-১ সপ্তাহ পরেই ফসল ঘরে তোলার সময় ছিল, কিন্তু হঠাৎ করে নদীতে পানি বেড়ে যাওয়ায় ক্ষেত ডুবে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, টানা কয়েকদিন ধরে পানি বাড়তে থাকায় চরাঞ্চলের অনেক কৃষকের চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে অনেক ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান বলেন, পাহাড়ি ঢলের প্রভাবে যমুনার পানি বাড়ছে এবং এটি আরও দুই-একদিন চলতে পারে। এরপর পানি কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

This post was viewed: 35

আরো পড়ুন