গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। গাড়ির চালক জানান, একটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে পেছন থেকে গাড়িতে আক্রমণ করে এবং কাচ ভেঙে দেয়।
ঘটনার পরপরই থানা ও ডিবি পুলিশ সম্মিলিতভাবে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টার দিকে প্রথম ধাপে ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপুকে আটক করা হয়।
পরে সারা রাত অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত মোট ৭০ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করতে এবং মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।