Ridge Bangla

ভারত-পাকিস্তান সীমান্তে ফের রাতভর গোলাগুলি

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। রোববার (৪ মে) গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের পেহেলগামে হামলার পর থেকে টানা ১১ রাত ধরে পাকিস্তানি সেনারা একতরফাভাবে গুলি ছুড়ে যাচ্ছে বলে দাবি করেছে ভারত। সর্বশেষ গোলাগুলি হয় ৪ ও ৫ মে-র মধ্যরাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে গোলাগুলির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি এবং দেশটির সংবাদমাধ্যমেও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি।

এদিকে সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তান পরস্পরের একেকজন নিরাপত্তা সদস্যকে আটক করেছে। ২৩ এপ্রিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্য পূর্ণম কুমার সাহু ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করলে তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে। এর জবাবে ৩ মে রাজস্থানে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে বিএসএফ।

This post was viewed: 41

আরো পড়ুন