রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে শপিংমলটির দশতলা ভবনের নিচতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। তবে সড়কে যানজট থাকায় ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে বলেও তিনি জানান।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছিল।
This post was viewed: 51