Ridge Bangla

ঢাবির সাবেক দুই উপাচার্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ মোট ১৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে। মামলাটি দায়ের করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। রবিবার (৪ মে) রাতে তিনি মামলার আবেদন করেন, যা তাৎক্ষণিকভাবে গ্রহণ করে মামলা হিসেবে রেকর্ড করা হয়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৮ সালের একটি ঘটনায় এই মামলার আবেদন করা হয়েছিল। প্রাথমিক যাচাইয়ের পর তা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগেও ঢাবির নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান একটি অভিযোগ দায়ের করেছিলেন, যার ভিত্তিতে রাশেদ খানকে গ্রেপ্তার করা হয়। এবার রাশেদ খান পাল্টা মামলায় উল্টো অভিযোগ তুলে ধরেছেন।

মামলায় যেসব ব্যক্তিকে আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের তৎকালীন শীর্ষস্থানীয় নেতা সাইফুর রহমান সোহাগ, এসএম জাকির হোসেন, আবিদ আল হাসান, মোতাহের হোসেন প্রিন্স এবং আল নাহিয়ান খান জয়। মামলায় ঢাবির তৎকালীন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব হাসান সুইম এবং মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসানকেও অভিযুক্ত করা হয়েছে।

এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানানো হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাবে ২০১৮ সালের আন্দোলন দমন করতে ও রাশেদ খানসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে এসব ব্যক্তি ভূমিকা রেখেছিলেন।

This post was viewed: 36

আরো পড়ুন