লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিলে নির্মাণকাজ বন্ধ করে সরে যায় বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ও মঙ্গলবার (২১ জুলাই) দুই দফায় উপজেলার পঞ্চশীলবাড়ী সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়।
সোমবার দুপুর আড়াইটার দিকে সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায়, ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার হাড়িকামাতা সীমান্তের বিপরীতে, প্রায় ৫০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সিমেন্টের খুঁটি বসানোর কাজ শুরু করে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের সদস্যরা।
খবর পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের পঞ্চশীলবাড়ী ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নির্মাণসামগ্রী ও শ্রমিকদের নিয়ে সেখান থেকে সরে যায়।
পরদিন মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে একই সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারসংলগ্ন শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী খেঁটি এলাকায় আবারও সিমেন্টের খুঁটি বসানোর চেষ্টা করে বিএসএফ। এ সময়ও বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেন।
পরে দুপুর ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলেই বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বুড়িমারী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন এবং ভারতের পক্ষে পানিশালা কোম্পানির কমান্ড্যান্ট ইন্সপেক্টর শচীন রায় অংশ নেন।
বৈঠকে বিজিবি জানিয়ে দেয়, সীমান্তে এ ধরনের বেড়া নির্মাণ করা যাবে না। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।
স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। উভয় বাহিনীই অতিরিক্ত সদস্য মোতায়েন করে টহল জোরদার করেছে।
এ বিষয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ২০ ও ২১ জুলাই সীমান্ত পিলার ৮৪৫-এর ১ ও ২ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে আগে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি বসানোর উদ্যোগ নেয় বিএসএফ। বিজিবির আপত্তির মুখে তারা সেখান থেকে সরে যায়।