আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির ও প্রতারণার অভিযোগে নীলফামারীতে মনোয়ার হোসেন বাবু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।
গ্রেপ্তার মনোয়ার হোসেন বাবু নীলফামারী সদর উপজেলার বাবুপাড়া এলাকার আব্দুর নুরের ছেলে।
ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোয়ার হোসেন বাবু আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদোন্নতিসহ নানা বিষয়ে তদবির করতেন এবং এভাবে প্রতারণা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তি আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির এবং মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তাকে গ্রেপ্তারের পর মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।