মান পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ৪ প্রতিষ্ঠানের ৮টি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। লাইসেন্স নবায়ন বা অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধ রাখতেও বলা হয়েছে।
অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের ৪টি প্রসাধনীতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীব পাওয়া গেছে। পণ্যগুলো হলো মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভেরিয়েন্টের শ্যাম্পু। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব পণ্য বাজার থেকে সরিয়ে নিতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে নির্ধারিত বাংলাদেশ মানমাত্রার তুলনায় ভিটামিন ‘সি’ কম পাওয়া গেছে। এ কারণে পণ্য দুটিও প্রত্যাহার করতে বলেছে বিএসটিআই।
সংস্থাটি জানিয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। পণ্যগুলোর লাইসেন্স নবায়ন বা নতুন করে অনুমোদন না হওয়া পর্যন্ত বাজারজাতকরণসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
ভোক্তা সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় দেশের সব পরিবেশক, ডিলার এবং খুচরা বিক্রয়কেন্দ্র থেকে পণ্যগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে বিএসটিআই।
নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
বিএসটিআইয়ের মহাপরিচালক ও সচিব কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য পাওয়া জনগণের অধিকার। পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের সময়সহ প্রয়োজনীয় তথ্য যাচাই করতে ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা কিংবা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহারের অভিযোগ পাওয়া গেলে দ্রুত সংস্থাটিকে জানাতেও অনুরোধ করেছেন মহাপরিচালক।