গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১২ জুন) ভোর ৪টার দিকে কাপাসিয়া বাজারের একটি টিনশেড দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, আগুন লাগার সময় বৃষ্টি হচ্ছিল। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পাওয়ার পর কাপাসিয়া ও রাজেন্দ্রপুর থেকে ৪টি ইউনিট ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এর আগেই আশপাশের ১০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মো. মাহফুজুর রহমান বলেন, সাধারণ ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাজারের বেশিরভাগ দোকান টিনশেড, দোকানগুলোতে অনেক মালামাল ছিল। সময়মতো আগুন নিয়ন্ত্রণ না করা গেলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমাদের টিম কাজ করছে।