Ridge Bangla

জলজট নিরসনে মাঠে জরুরি দল, নগরজীবন স্বাভাবিক রাখার চেষ্টা ডিএসসিসির

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হওয়া জলজট নিরসন ও সড়কে উপড়ে পড়া গাছ সরাতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক জরুরি সাড়া প্রদানকারী দল। নগরজীবন স্বাভাবিক রাখতে ভোর থেকে মাঠপর্যায়ে কার্যক্রম চালাচ্ছেন সংস্থাটির কর্মীরা।

রোববার (১২ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত সরাতে কমলাপুরের ২টি এবং ধোলাইখালের ১টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প চালু করা হয়েছে। একই সঙ্গে সড়কের পানি নিষ্কাশনের মুখগুলো পরিষ্কার রাখতে ভোর থেকে কাজ করছে ডিএসসিসির জরুরি সাড়া প্রদানকারী দল।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, রাজধানীতে সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। আজ সারা দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে দুপুরের দিকে নীলক্ষেতসংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পাওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে যান। হাঁটুপানিতে দাঁড়িয়ে তিনি কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি গাছ সরানোর কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। পরে সড়ক থেকে গাছটি পুরোপুরি অপসারণ করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সকাল থেকে প্রশাসক তার আওতাধীন এলাকার প্রধান সড়ক ও গলিপথ ঘুরে দেখছেন। বিভিন্ন সড়কে জরুরি সাড়া প্রদানকারী দলের পানি নিষ্কাশন কার্যক্রমও তিনি সরেজমিনে পরিদর্শন করেন।

ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

যেকোনো পরিস্থিতিতে নগরবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি।

এ ছাড়া ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার চলমান সড়ক খননের কারণে তৈরি গর্ত এবং বিভিন্ন এলাকার ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে নাগরিকদের অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

This post was viewed: 4

আরো পড়ুন