Ridge Bangla

যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামাচ্ছে কাতার

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশে চলতি বছরের নির্ধারিত এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কাতার এনার্জি। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শিল্প খাতসংশ্লিষ্ট সূত্র।

পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, যুদ্ধ পরিস্থিতিই এ সংকটের প্রধান কারণ। সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে উন্মুক্ত বাজার থেকে অতিরিক্ত এলএনজি কেনা এবং অন্যান্য সরবরাহকারী দেশের সঙ্গে সরকার-টু-সরকার ভিত্তিতে চুক্তির উদ্যোগও রয়েছে।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে বিকল্পটি সবচেয়ে কার্যকর ও সুবিধাজনক হবে, সেটিই গ্রহণ করা হবে।

যুক্তরাষ্ট্রের পর কাতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি উৎপাদনকারী দেশ। একই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারীও তারা। গত বছর বাংলাদেশ যে প্রায় ৭০ লাখ মেট্রিক টন এলএনজি আমদানি করেছে, তার মধ্যে ৪১ দশমিক ৫ লাখ মেট্রিক টন এসেছে কাতার থেকে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলার সঙ্গে কাতার এনার্জির দুটি দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। একটি চুক্তির আওতায় বছরে ২৫ লাখ মেট্রিক টন এবং অন্যটির আওতায় ১৮ লাখ মেট্রিক টন এলএনজি বাংলাদেশে সরবরাহ করা হয়।

এ বিষয়ে মন্তব্য জানতে কাতার এনার্জির সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This post was viewed: 6

আরো পড়ুন