Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর ছুড়ে হামলা, আহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত পারাবত এক্সপ্রেস ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার রাত পৌনে ৯টার দিকে জেলা শহরের কলেজপাড়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে হামলার ঘটনাটি ঘটে।

ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আজাদ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবত এক্সপ্রেসে যাত্রা করেছিলেন। তিনি ট্রেনের ‘ঢ’ বগিতে ছিলেন। ট্রেনটি কলেজপাড়া এলাকায় পৌঁছে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের প্রস্তুতি নেওয়ার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালার কাচ ভেদ করে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা তাঁকে প্রাথমিক সহায়তা দেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের এলাকায় অনুসন্ধান চালিয়ে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন