বঙ্গোপসাগরে আগামী সোমবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বর্তমানে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববারও দেশের অধিকাংশ বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। সোমবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী মঙ্গলবার ও বুধবার দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।