আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন তামিম ইকবাল, এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও বাস্তবে তা নাকচ করে দিয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক।
মিরপুরে আজ সংবাদ সম্মেলনে আসার পর তাকে বেশিরভাগ প্রশ্ন করা হয়েছে বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে। এ বিষয়ে তামিম আভাস দিয়েছেন, ফুটবল বিশ্বকাপের সময় (জুন-জুলাইয়ে) নির্বাচন হতে পারে।
সাংবাদিকদের তামিম জানান, ৩ মে বোর্ড মিটিং শেষে নির্বাচনী কার্যক্রম শুরু হতে পারে। সাধারণত প্রক্রিয়া শুরুর পর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যায়, যা আমাদের ডেডলাইনের ২-৩ সপ্তাহ পূর্বেই সম্ভব।
তিনি বলেন, পদত্যাগের বিষয়ে আমি কিছুই চিন্তা করিনি। আমি প্রথম থেকেই বলেছি, নির্বাচনে অংশগ্রহণ করে গঠনতন্ত্র মোতাবেক এগিয়ে যাব। আশা করছি এবারের বিসিবি নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। এ সময় নির্বাচন উপলক্ষে আইনি পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। ১১ সদস্যের এই কমিটির সভাপতি করা হয় তামিমকে। তার মূল দায়িত্ব আগামী ৯০ (৬ জুন) দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।