Ridge Bangla

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, তেলের বাজারে স্বস্তির নিঃশ্বাস

লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করেছে ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেন।

তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত প্রণালিটি সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।

ইরানের এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়ে। বিভিন্ন বাজার বিশ্লেষণে দেখা গেছে, তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমেছে, যা বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

এদিকে ইরানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে তিনি ইরানকে ধন্যবাদ জানান। তবে একই সঙ্গে সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে স্থায়ী কোনো সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে।

গত বৃহস্পতিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

This post was viewed: 6

আরো পড়ুন