Ridge Bangla

হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঈদের ছুটির সময় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২৩ মার্চ) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে হঠাৎ একটি ভিডিও কলের মাধ্যমে তিনি সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভিডিও কলে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোরসহ বিভিন্ন ইউনিটের খোঁজখবর নেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তবে নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী চারজন চিকিৎসকের মধ্যে একজনকে অনুপস্থিত পাওয়া গেলে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি দ্রুত তদন্তের নির্দেশ দেন।

এই ঈদের ছুটিতে পরিবার থেকে দূরে থেকে যারা চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন, তাদের ত্যাগের প্রশংসা করেন ড. মুহিত। তিনি বলেন, আপনারা এই দুর্গম এলাকার মানুষের শেষ ভরসা। আপনাদের এই নিষ্ঠার কথা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে এবং দেশের প্রতিটি নাগরিককে ‘হেলথ কার্ড’ দেওয়ার কাজ চলমান রয়েছে।

ভিডিও কল শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ, বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীসেবার মান বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

This post was viewed: 8

আরো পড়ুন