সরকার চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রফিকুল আই মোহাম্মদ। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে মো. কামরুজ্জামান চৌধুরীকে। স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে দায়িত্ব পেয়েছেন আবদুল খালেক।
উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে সচিব পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।