Ridge Bangla

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।

আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে দায়িত্ব পালনকারী সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন।

এদিকে, চট্টগ্রামে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাকে যশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমানে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বে থাকা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন