কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী ওই এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এটি সাম্প্রতিক সময়ে কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বড় ইয়াবা উদ্ধার অভিযান বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, গত ছয় মাসে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবা, প্রায় ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন সময়ে বহু অভিযানে সফলতা অর্জন করেছে।
তিনি আরও জানান, একই সময়ে প্রায় ১০ কোটি ৫৪ লাখ টাকার সিগারেট, গরু, সার, সিমেন্ট, প্রসাধনী, ওষুধ, জ্বালানি তেল, হার্ডওয়্যার ও রশদ সামগ্রীসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। সব মিলিয়ে গত ছয় মাসে ৫০ কোটি ৭৯ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে এবং ৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।